২০ জানুয়ারি ২০১৩ - ১১:৩১

২৩ বিদেশি এবং ৩২ অপহরণকারীর মৃত্যুর মধ্যদিয়ে শেষ পর্যন্ত আলজেরিয়ার আমেনা গ্যাস কমপ্লেক্সে চারদিনের পণবন্দী নাটকের অবসান হয়েছে।

বার্তা সংস্থা আবনা : ২৩ বিদেশি এবং ৩২ অপহরণকারীর মৃত্যুর মধ্যদিয়ে শেষ পর্যন্ত আলজেরিয়ার আমেনা গ্যাস কমপ্লেক্সে চারদিনের পণবন্দী নাটকের অবসান হয়েছে।

আলজেরিয়া সরকার চূড়ান্তভাবে মৃতের এ সংখ্যা ঘোষণা করেছে। কমপ্লেক্স থেকে জীবিত অবস্থায় মুক্ত করা হয়েছে ৬৮৫ জন আলজেরিয় কর্মী এবং ১০৭ জন বিদেশি নাগরিক।

গত বুধবার আফ্রিকার 'মাস্কড ম্যান ব্রিগেড' নামের একটি গেরিলাগোষ্ঠী ওই কমপ্লেক্সটি দখল করে নেয় এবং কয়কশ' কর্মকর্তা-কর্মচারিকে পণবন্দী করে। মালিতে ফ্রান্স যে সামরিক অভিযান চালিয়েছে তা বন্ধের দাবিতে গেরিলারা ওই গ্যাস কমপ্লেক্সের দখল নিয়েছে বলে ঘোষণা করে। পরে অবশ্য, তারা মাার্কিন কারাগারে আটক পাকিস্তানের নাগরিক ড. আফিয়া সিদ্দিকি এবং মিশরের নাগরিক ওমর আব্দুর রহমানের মুক্তি দাবি করেছিল।

তবে, গেরিলাদের দাবিকে বিবেচনায় না নিয়ে আলজেরিয়ার সরকার সেখানে সামরিক অভিযান চালায়। এ নিয়ে সর্বশেষ বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ৩২ গেরিলার মধ্যে তিনজন আলজেরিয়ার নাগরিক। অবশ্য, নিহত বিদেশি নাগরিকরা কে কোন দেশের অধিবাসী তা প্রকাশ করা হয়নি। পণবন্দী হওয়া বিদেশিদের মধ্যে ছিল মার্কিন, ব্রিটিশ, নরওয়ে, রোমানিয়া, ফ্রান্স, বেলজিয়াম, জাপান, ফিলিপাইন ও মালয়েশিয়ার নাগরিক।

আলজেরিয়ার সরকার সাফল্যের সঙ্গে জিম্মি নাটকের অবসান ঘটাতে পেরেছে বলে দাবি করেছে।#রেডিও তেহরান